জাতীয়

বিএনপি সরকারের ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন নতুন সরকারের ২৪ জন প্রতিমন্ত্রী।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পূর্ণ মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ নেওয়া প্রতিমন্ত্রীদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনিন্দ্য ইসলাম অমিত এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে মো. শরিফুল আলম দায়িত্ব পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলাম এবং কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ে ব্যারিস্টার কায়সার কামাল এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন আজাদ শপথ নিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মো. আমিনুল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহনে হাবিবুর রশিদ এবং রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে মো. রাজিব আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসনে মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার বিভাগে মীর শাহে আলম শপথ নিয়েছেন। অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ইশরাক হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ফারজানা শারমীন দায়িত্ব পেয়েছেন। পরিবেশ ও আইন মন্ত্রণালয়ে শেখ ফরিদুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মো. নুরুল হক নুর শপথ নিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ইয়াসের খান চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এম ইকবাল হোসেইন দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য ও ডাক টেলিযোগাযোগে এম এ মুহিত এবং গৃহায়নে আহম্মদ সোহেল মঞ্জুর প্রতিমন্ত্রী হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ে ববি হাজ্জাজ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শপথ গ্রহণ করেছেন।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language