দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৩

ঢাকা, ৩ আগস্ট – দেশে গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম এবং হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৬ জন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৭৫১ জন। গত চব্বিশ ঘণ্টায় মৃতদের মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন রয়েছেন।
একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৮ জনে।
এছাড়া গত একদিনে ৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৫০ জনে।
এনএন/ ৩ আগস্ট ২০২৬









