জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮০

ঢাকা, ৩ আগস্ট – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এডিস মশাবাহিত এই রোগে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৯ জনের মৃত্যু হলো।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় যে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৮০ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৯ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৮১ জন, চট্টগ্রামে ৭৯ জন, খুলনায় ৬৭ জন, ময়মনসিংহে ৩৬ জন, রাজশাহীতে ২২ জন, রংপুরে ৩১ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ১৬ হাজার ৬৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৩৪৪ জন।

উল্লেখ্য যে, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর তথ্য সংরক্ষণ শুরু করে। এর মধ্যে ২০২৩ সালে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন প্রাণ হারান।

এনএন/ ৩ আগস্ট ২০২৬


Back to top button