নবনির্বাচিত এমপিদের শপথের চিঠি আজই পেতে পারে ইসি, মঙ্গলবার শপথের সম্ভাবনা

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর আনুষ্ঠানিক চিঠি আজই নির্বাচন কমিশনের হাতে পৌঁছাতে পারে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি নিশ্চিত করেছেন যে সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব ধরণের প্রস্তুতি কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন।
অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, একই দিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দুই দশক পর দলটি পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে যার মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম ২ ও ৪ আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









