বাংলাদেশে বিএনপির জয়ে ব্যবসায় গতি ফেরার আশা কলকাতার নিউমার্কেটে

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি – বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে নতুন করে আশার আলো দেখছেন কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা।
নির্বাচিত নতুন সরকারকে কেন্দ্র করে যেমন বাংলাদেশের মানুষের প্রত্যাশা বেড়েছে, তেমনি কলকাতার ‘মিনি বাংলাদেশ’ খ্যাত নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরাও মনে করছেন এবার ব্যবসায় খরা কাটবে। তাদের প্রত্যাশা, দুই দেশের মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে বাণিজ্যে পুরনো গতি ফিরে আসবে।
নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হওয়ার পরেই গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে শুভেচ্ছা জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রমজানের অগ্রিম বার্তা দেন।
রাজনৈতিক নেতৃত্বের এই ইতিবাচক মনোভাবের প্রভাব পড়েছে সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও।
কলকাতা ফ্রি স্কুল স্ট্রিট ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি হায়দার আলী খান জানান, বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন ভারতের জন্য অত্যন্ত ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
তিনি উল্লেখ করেন, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি ভারত ও বাংলাদেশ একে অপরকে ছাড়া চলতে পারে না। নিউমার্কেটের ব্যবসায়িক স্থবিরতা কাটিয়ে আবারও আগের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আর.এন টেগোর হাসপাতালের আউটলেট ইনচার্জ জাফর খান জানান, গত দেড় বছরে পর্যটকের অভাবে ব্যবসায় যে মন্দা দেখা দিয়েছিল, তা কাটাতে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।
মার্কুইস স্ট্রিট ও তৎসংলগ্ন এলাকার হোটেল, রেস্তোরাঁ ও বিপণিবিতানগুলোর ব্যবসা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। ব্যবসায়ীদের মতে, রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউয়ে গত বছর দেড়েক ধরে দুই বাংলার সম্পর্কে যে শীতলতা ছিল, তার ফলে নিউমার্কেটের ব্যবসা তলানিতে ঠেকেছিল।
শ্যামলী পরিবহনের কর্মকর্তা মনোরঞ্জন রায় ও ব্যবসায়ী পিন্টু ঘোষের মতে, ভিসার জটিলতা নিরসন হলে এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হলে আবারও বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর হবে কলকাতা, যা উভয় দেশের অর্থনীতির জন্যই মঙ্গলজনক।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









