ঝালকাঠি

ঝালকাঠিতে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

ঝালকাঠি, ১৪ ফেব্রুয়ারি – ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের চারটি বসতবাড়ি এবং দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইসঙ্গে ইউনিয়ন জামায়াতের কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে যাতে দুই নারী আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসব হামলার সঙ্গে জড়িত তবে স্থানীয় বিএনপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় শনিবার দুপুরে জামায়াতকর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায় বিএনপি নেতা মিজানুর রহমান কালামের নেতৃত্বে একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াত কর্মী হারুন অর রশিদের বাড়িতে এবং মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা হারুন অর রশিদের একটি ঘরে আগুন ধরিয়ে দেয় এবং হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম ও মেয়ে সাবিনা আহত হন। এছাড়া একই ইউনিয়নের মোস্তফা মাস্টার এবং বর্তমান ইউপি সদস্য মো. রিপনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে পাটিখালঘাটা বাজারের ওষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানেও হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন জামায়াত অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পুলিশ পাটিখালঘাটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে। কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন্দ দাবি করেছেন বিএনপির কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত নন এবং তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান জানিয়েছেন হামলার ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language