দক্ষিণ এশিয়া

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ভারত, ১৪ ফেব্রুয়ারি – রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস-৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে (আরটি)। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, বেশ কিছু আধুনিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছে কমব্যাট মিসাইল, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট।

এসব সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলার। যদিও বিবৃতিতে সরাসরি এস-৪০০ ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করা হয়নি, তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কমব্যাট মিসাইল বলতে মূলত এস-৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্রকেই বোঝানো হয়েছে। জানা গেছে, ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের চাহিদা পেশ করেছে, যার মধ্যে ১২০টি স্বল্প পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার তৈরি এস-৪০০ বর্তমান বিশ্বের অন্যতম নিখুঁত ও বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। বর্তমানে ভারতের কাছে এই মডেলের ৪টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে এবং শিগগিরই আরও দুটি যুক্ত হতে যাচ্ছে।

এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language