জাতীয়

নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হোক অর্থনীতি পুনরুদ্ধার

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – সব ধরনের শঙ্কা কাটিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সবকিছু ঠিক থাকলে খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির সবচেয়ে বড় সুবিধা হলো এটি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। দলটিতে বর্ষীয়ান রাজনীতিবিদদের পাশাপাশি অনেক মুক্তিযোদ্ধা ও পেশাদার মানুষ রয়েছেন। তবে নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ব্যাংকিং খাত এবং অর্থনীতি। বিগত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থনীতিবিদরা বলছেন নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত অর্থনীতি পুনরুদ্ধার। বিগত সময়ে দেশের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে এবং অসংখ্য উৎপাদনকেন্দ্র বন্ধ হয়ে গেছে। আমদানি ও রপ্তানি উভয়ই হ্রাস পেয়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বদলে অনেকে চাকরি হারিয়েছেন। মুদ্রাস্ফীতি হ্রাসের নামে সুদের হার বাড়ানো হলেও তা বিনিয়োগ ব্যাহত করেছে। দীর্ঘদিনের অব্যবস্থায় থাকা ব্যাংকিং খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ফলে স্থবিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে জিডিপি ৬ শতাংশ থেকে ৩ শতাংশের কোঠায় নেমে এসেছে।

অর্ধট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হলে সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিগত সরকারের আমলের মেগাপ্রকল্পগুলো চালিয়ে নেওয়া হবে নাকি বাতিল করা হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। তবে জনস্বার্থে প্রকল্পগুলো প্রয়োজনীয় সমন্বয় করে চালিয়ে নেওয়া যেতে পারে। ডলার সংকট মোকাবিলায় বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে বিশেষায়িত প্রবাসী বন্ড চালুর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঋণের উচ্চ সুদহার কমিয়ে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা জরুরি। পুঁজিবাজারে গতি সঞ্চার এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অর্থনীতিবিদদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করলে দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language