জাতীয়

হাতিয়ায় বিজয়ী সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, হারিয়েছেন বিএনপি প্রার্থীকে

নোয়াখালী, ১৩ ফেব্রুয়ারি – গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে হান্নান মাসউদই হতে যাচ্ছেন দেশের সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য। নির্বাচনি হলফনামা ও বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই সম্মুখসারির নেতা এবারই প্রথম নির্বাচনে অংশ নিলেন।

হলফনামা অনুযায়ী, তিনি আলিম পাস এবং পেশায় ব্যবসায়ী। ঢাকায় ডিজিল্যান্ট গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক তিনি। তার বার্ষিক আয় ৬ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংকে জমানো অর্থের পরিমাণ ১ হাজার ৫৫ টাকা।

এছাড়াও বন্ড, স্বর্ণালংকার, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র মিলিয়ে তার কিছু সম্পদ রয়েছে। ব্যক্তিগত জীবনে হান্নান মাসউদ সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি তাকওয়া মসজিদে শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। তার স্ত্রী লক্ষ্মীপুরের বাসিন্দা এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language