জাতীয়

ত্রয়োদশ সংসদ ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ

বাংলাদেশ, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে দেশের বিভিন্ন স্থানে গণনা কার্যক্রম শুরু হয়েছে। ভোটকেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সংগ্রহ করে গণনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য একই বাক্সে ভোট গ্রহণ করা হয়েছে।

তবে গণনার সুবিধার্থে প্রথমে সাদা কালো রঙের সংসদ নির্বাচনের ব্যালট এবং গোলাপি রঙের গণভোটের ব্যালট পৃথক করা হচ্ছে এবং এরপর আলাদাভাবে গণনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯ ঘণ্টা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে। সারা দেশে দু একটি বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোটের ৪৭ দশমিক ৯১ শতাংশ কাস্টিং হয়েছে।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল কমিশন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত দেশের কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language