ব্যবসা

একদিনে তিনবার কমার পর আজ বাড়ল সোনার দাম, ভরি আড়াই লাখ ছাড়াল

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।

মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল একদিনেই তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল। তখন ভালো মানের এক ভরি সোনার দাম মোট ১৩ হাজার ৯৩৯ টাকা কমানো হয়। তবে একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর ঘোষণা এলো।

নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম কিছুটা কমানো হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ২০২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ঠিক করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language