দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পাঠান

নয়াদিল্লি, ০৪ জানুয়ারি – হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের কারণে এ বছর আইপিএলে খেলতে পারছেন না পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স নিলামে তাকে কিনলেও পরে দলটি তাকে বাদ দিয়ে দেয়।
এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও অল ইন্ডিয়া মসলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, বলা হচ্ছে মুস্তাফিজকে ‘ফেরত পাঠানো’ হয়েছে। আমি বলব, দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে, তাকেও বাংলাদেশে ফেরত পাঠান।
রোববার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি বলেন, তারা (হিন্দুত্ববাদীরা) মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বলছে, ‘দেখো, আমরা এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি।’ আরে, আরেকজনকেও ফেরত পাঠান, যে দিল্লিতে মোদির বোন সেজে বসে আছে। আপনারা কি চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক? তাহলে স্লোগান তুলুন—নারায়ে তাকবির, আল্লাহু আকবার।
তিনি আরও বলেন, মোদিজি শুনুন, আওয়াজ উঠছে, তাকে ধরুন এবং বাংলাদেশে ফেরত পাঠান।
ওয়াইসি জলগাঁওয়ে এক মুসলিমকে হত্যার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, জলগাঁওয়ের যে ছেলেটিকে হত্যা করা হয়েছে, তা নিয়ে আপনারা কেন ক্ষুব্ধ হন না, মোদিজি, ফাদনাভিসজি?
তিনি বলেন, ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে দাবি উঠেছিল, তা ছিল পুনেতে মোহসিন শেখের হত্যার বিচার। আবার জলগাঁওয়ে সুলেমান পাঠানকে তার নিজের বন্ধুরাই পিটিয়ে হত্যা করে তাকে শহীদ বানিয়ে দিল।
ওয়াইসি বলেন, বাংলাদেশে যদি কোনো হিন্দু মারা যায়, আমরা তার তীব্র নিন্দা জানাই। যারা মানুষ হত্যা করে, আমরা তাদের জালিম বলি। জলগাঁওয়ে যারা সুলেমান পাঠানকে মেরেছে, তারাও জালিম। তাদেরও একইভাবে নিন্দা করা উচিত। বাংলাদেশ হোক বা ভারত—মানুষের জীবন তো জীবনই। একজন হিন্দুর জীবনের যেমন দাম আছে, একজন মুসলমানের জীবনেরও তেমনই দাম আছে। অথচ আজ সব বিজেপি নেতা টিভিতে চেঁচাচ্ছেন যে, ‘আমরা একজন বাংলাদেশি খেলোয়াড়কে ফেরত পাঠিয়ে দিয়েছি।’ আরে শুনুন, আপনারা কি সবাইকে বোকা বানাতে চান? স্রেফ একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, আর সেটাকেই বিজেপি ইতিহাসের বিশাল সাফল্য বলছে।
তিনি বলেন, এখন ভারতের সাধারণ মানুষ, বিশেষ করে ভারত ও মহারাষ্ট্রের আমার হিন্দু ভাই-বোনেরা শুনুন—একজন ক্রিকেটারের চুক্তি বাতিল হওয়ায় আপনারা মিষ্টি বিলি করছেন? তাহলে নরেন্দ্র মোদিকে গিয়ে জিজ্ঞেস করুন, এই বছর তিনি বাংলাদেশকে ১২০ কোটি টাকা দিয়েছেন কি দেননি। আমাকে বলুন। ১২০ কোটি টাকা অনুদান ও সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ। আর আমার হিন্দু ভাই-বোনেরা শুনুন, গত ১০ বছরে মোদি বাংলাদেশকে কত টাকার লেটার অফ ক্রেডিট দিয়েছেন? ৮ বিলিয়ন ডলার। ৮ বিলিয়ন! আর আপনারা আসাদউদ্দিন ওয়াইসিকে গালি দেন?
ওয়াইসি বলেন, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই, ইনশাআল্লাহ কখনো হবও না। কিন্তু মজলুমের জন্য ইনসাফ চাওয়া যদি অপরাধ হয়, মোহসিন শেখের খুনিদের শাস্তি দাবি করা যদি অপরাধ হয়, জলগাঁওয়ে সুলেমান পাঠানকে যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনার কথা বলা যদি অপরাধ হয়—তাহলে খোদার কসম, আমি যতদিন বেঁচে থাকব এই ‘অপরাধ’ করেই যাব। ওই ক্রিকেটারের বিষয়েও শুনুন—তাকে একটি দল ১০ কোটি টাকায় কিনেছিল। অথচ ২০২৫ সালে বাংলাদেশকে সাহায্য ও অনুদান হিসেবে দেওয়া হয়েছে ১২০ কোটি টাকা। ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ। গত ১০ বছরে মোদি সরকার বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের এলওসি দিয়েছে। ৮ বিলিয়ন! আর আপনারা মুসলমানদের ঘৃণা করেন?
তিনি বলেন, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম, বাংলাদেশে আমাদের হিন্দু ভাই-বোনদের মন্দিরগুলো রক্ষা করা উচিত। একদিকে আপনারা সেখানে টাকা দিচ্ছেন, আর অন্যদিকে মহারাষ্ট্রের নির্বাচনের জন্য মুম্বাই ও মহারাষ্ট্রের মানুষকে বলছেন—‘দেখো, আমরা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিয়েছি।’
এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬








