জাতীয়

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও অব্যাহত থাকবে পুলিশ প্রহরা

ঢাকা, ২০ ডিসেম্বর – শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এখনো সাধারণ মানুষের ঢল নামছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি-সংলগ্ন প্রবেশপথে সন্ধ্যার পর রাত গভীর হলেও মানুষের উপস্থিতি চোখে পড়ছে। কেউ দূরে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন, কেউ কবরের সামনে যাওয়ার অপেক্ষায় আছেন। আবার কেউ কেউ স্মৃতির খাতিরে মোবাইলে ছবি তুলে রাখছেন। শোক আর ভালোবাসার মিশেলে পুরো এলাকা ভারী ও আবেগপূর্ণ হয়ে উঠেছে।

কবরস্থানের সামনের অংশে আগে স্থাপিত নিরাপত্তা বাহিনীর বলয় খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শাহবাগ থানা ও টিএসসি এলাকায় বসানো ব্যারিকেডও প্রত্যাহার করা হয়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে এখনো পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি কবরস্থানে প্রবেশের জন্য ব্যবহৃত মসজিদের গেট ও বাইরের প্রধান ফটকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে রাতে কবরস্থানে পুলিশি প্রহরা অব্যাহত থাকবে। এ সময় ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেবল বাইরের অংশ থেকেই মানুষ দোয়া করতে পারছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “রাতে এখানে পুলিশ প্রহরা থাকবে। নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকালও এই এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখা হতে পারে।”

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। তার আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২০ ডিসেম্বর ২০২৫


Back to top button