জাতীয়

সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান ছায়ানটের

ঢাকা, ২০ ডিসেম্বর – ছায়ানট-সংস্কৃতি ভবনে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

ছায়ানটের বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একদল লোক রাত ১২টার পর ছায়ানট সংস্কৃতি ভবনে জোর করে ঢুকে ভাঙচুর ও লুটতরাজ চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা ছয়তলা ভবনের সব সিসিটিভি ক্যামেরাসহ অধিকাংশ কক্ষ এবং বহু বাদ্যযন্ত্র, মিলনায়তন, কম্পিউটার ও আসবাব ভাঙচুর করেছে। সার্ভারসহ ছায়ানটের কিছু বাদ্যযন্ত্র ও আসবাব পুড়িয়ে দিয়েছে। অন্তত ৭টি ল্যাপটপসহ গোটা চারেক ফোন ও কিছু হার্ড ডিস্ক লুট করেছে। তাদের ভাঙচুরে বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসমান হাদির হত্যাকাণ্ডে ছায়ানটও গভীরভাবে শোকাহত জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘কিন্তু ওই সূত্র ধরে ছায়ানট সংস্কৃতি ভবনে কেন হামলা সংঘটিত হলো, তা মোটেই বোধগম্য নয়। হয়তো পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছে সংস্কৃতিচর্চার বিরোধী গোষ্ঠী।’

বাঙালি সংস্কৃতির লালনকেন্দ্র হিসেবে পরিচিত ছায়ানট এই হামলার বিচার দাবি করে বিবৃতিতে বলেছে, ‘আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।’

হামলার ক্ষতি কাটিয়ে উঠতে ছায়ানট নিজেদের মতো করে কাজ চালিয়ে যাবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ছায়ানট একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ছায়ানট কোনো সরকার, বিদেশি সংস্থা বা করপোরেট অনুদান গ্রহণ করে না। সুতরাং ছায়ানট আত্মশক্তিতে বলীয়ান হয়ে এই ক্ষতি পূরণ করবে। সংগীত এবং শিশুদের সাধারণ শিক্ষায় এই সাময়িক বিঘ্নের দ্রুত প্রতিকার করতে বদ্ধপরিকর।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language