সেই ইয়াবা কারবারির চাচা শ্বশুরের বাড়িতে মিললো আরো ৩ লাখ ইয়াবা

কক্সবাজার, ১০ ফেব্রুয়ারি – কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ব্রিজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক ‘ইয়াবা গডফাদার’ জহিরুল ইসলাম ফারুকের চাচা শ্বশুর নুনিয়ারছড়ার ছৈয়দ আলমের বাড়িতে অভিযান চালিয়ে আরো ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ছৈয়দের গৃহকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালায় পুলিশ।
আরও পড়ুন : ইয়াবা কারবারির ঘর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার
অভিযান অংশ নেওয়া কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, দু’টি বস্তাতে এসব ইয়াবা রক্ষিত অবস্থায় পাওয়া যায়।
কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান জানান, দুপুরে আটক ফারুকের দেওয়া স্বীকারোক্তি মতে বিকেল ৫টার দিকে নুনিয়ারছড়ার তার বাড়ি থেকে দুই বস্তাভর্তি ১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই সময় ফারুকের শ্বশুর ও এক শালাকে আটক করা হয়। পরে দ্বিতীয় দফায় চাচা শ্বশুর ছৈয়দ আলমের বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করেন ফারুক। তার দেওয়া তথ্য মতে, রাতে সেখানে অভিযান চালিয়ে আরো দু’টি বস্তাভর্তি টাকা ও ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং ছৈয়দ আলমের গৃহকর্মীকে আটক করা হয়েছে। ইয়াবা ও টাকা জব্দের ঘটনায় আটক এবং এই চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ১০ ফেব্রুয়ারি









