জাতীয়

বায়ুদূষণে আজ বিশ্বে তৃতীয় অবস্থানে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকা, ১১ নভেম্বর – বিশ্বের বিভিন্ন শহরে দিনদিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বিশেষ করে শীতের সময় দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। গতকালের মতো আজও বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান বিশ্বে তৃতীয়। বাতাসের মানও ‘খুব অস্বাস্থ্যকর’।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২২১ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া স্কোর ৭৩৬ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৪৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২০৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানীং নির্মাণযজ্ঞ উঠে এসেছে। ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা হচ্ছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language