জাতীয়

সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিন রিমান্ড মঞ্জুর

ঢাকা, ২৩ জুন – সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার।

রিমান্ডের পক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে রিমান্ড আবেদন বাতিল ও জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

রোববার বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, কিছু লোক তার বাসায় গিয়ে ‘মব’ সৃষ্টি করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার নামে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা থাকায় পরে তাকে শেরেবাংলা নগর থানায় স্থানান্তর করা হয়।

এর আগে রোববার সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মামলাটি করেন।

মামলায় সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।

কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৩ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language