ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া, ০৪ জুন – কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে ট্রাকটিতে আগুন লেগে যায়।

বুধবার (৪ জুন) ভোরে বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় আশপাশের ৩ থেকে ৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস বলেন, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৪ জুন ২০২৫

Back to top button
🌐 Read in Your Language