জাতীয়

সাত সকালে বৃষ্টি, দুর্ভোগে অফিসগামীরা

ঢাকা, ০২ জুন – রাজধানীজুড়ে সোমবার (২ জুন) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ নগরবাসী। রাতভর মেঘলা আকাশের পর ভোর ৫টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা কিছু সময়ের মধ্যেই মুষলধারে রূপ নেয়।

বৃষ্টির কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে মিরপুর ১০ নম্বর গোলচত্বর, রামপুরা, বাড্ডা, শ্যামলী, যাত্রাবাড়ী, কাওরান বাজার এবং বিজয় সরণির সড়কে পানি জমে যায়। ফলে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও বাড্ডাসহ বিভিন্ন এলাকার মানুষ যানজট ও চলাচলে ভোগান্তিতে পড়েন।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় রয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরেও মাঝারি মাত্রায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত স্বাভাবিক মৌসুমি প্রবণতার অংশ এবং তা কয়েকদিন স্থায়ী হতে পারে। এর ফলে রাজধানীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, যানজটসহ নাগরিক দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০২ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language