জাতীয়

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দ্বিতীয়

ঢাকা, ২ জুলাই – ঢাকার বাতাসের মান বছরের অধিকাংশ সময় অস্বাস্থ্যকর অথবা সংবেদনশীল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। সাধারণত শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি থাকলেও সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে বৃষ্টির দিনেও নগরবাসী কাঙ্ক্ষিত নির্মল বাতাস পাচ্ছে না।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৫২। এই স্কোর নিয়ে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।

বায়ুমানের সূচক অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়।

আজকের তালিকায় ঢাকার সমান ১৫২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৪৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি এবং ১৩২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এছাড়া শীর্ষ দশে রয়েছে জেরুজালেম, বেইজিং, লাহোর, দুবাই, কলকাতা ও রিয়াদ। বিপরীতে বিশ্বের সবচেয়ে নির্মল বাতাসের তালিকায় আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি শহর দুটি শীর্ষে অবস্থান করছে।

এছাড়া সুইডেনের স্কটহোম, আয়ারল্যান্ডের ডাবলিন ও জাপানের টোকিও শহরের বাতাসের মানও বেশ উন্নত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এনএন/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language