জাতীয়

২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করল সরকার

ঢাকা, ২ জুলাই – ২৪ সদস্যের একটি শক্তিশালী জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে এই পরিষদের সভাপতি এবং একই মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন ২২ সদস্যবিশিষ্ট একটি পরিষদ গঠন করা হলেও নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আগের আদেশটি বাতিল করা হয়েছে। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই পরিষদ বছরে অন্তত দুইবার সভা করবে।

তবে বিশেষ প্রয়োজনে সভার সংখ্যা বাড়ানো এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পরিষদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন।

এছাড়া অর্থ বিভাগ, এনবিআর, খাদ্য, শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এই পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। সংশ্লিষ্ট অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারাও এতে অন্তর্ভুক্ত রয়েছেন।

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশীয় ঔষধ শিল্পের উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়াই এই পরিষদের প্রধান কাজ হবে। পাশাপাশি দেশের চাহিদা অনুযায়ী ঔষধ উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণ এবং অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা প্রণয়নেও তারা বিশেষ ভূমিকা রাখবেন।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language