ব্যবসা

হঠাৎ কেন কেরোসিনের দাম একলাফে ১০ টাকা বেড়ে গেলো

ঢাকা, ৩১ মে – জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এ দফায় কমানো হয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম। কিন্তু চমকপ্রদভাবে বাড়ানো হয়েছে কেরোসিনের দাম। মে মাসের জন্য প্রতি লিটার কেরোসিনের দাম ১০৪ টাকা নির্ধারণ করা হলেও এ বারে তা ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাধারণত জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ডিজেল ও কেরোসিনের দাম একত্রেই সমন্বয় করা হয়। তবে এবারের চিত্র ভিন্ন। ডিজেলের দাম কমানো হলেও বাড়ানো হয়েছে কেরোসিনের দাম।

তবে হঠাৎ কেন মূল্যবৃদ্ধি? এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতিবারই কেরোসিনের মূল্য ডিজেলের সঙ্গে সমন্বয় করা হয়। এতে করে কেরোসিন তুলনামূলক কম বিক্রি হয়। তবে মূল্য বৃদ্ধি আরেকটি কারণ হলো ভেজাল প্রতিরোধ। প্রায় সময় ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ভেজাল তেল বিক্রি করা হয়। তাই ভেজাল প্রতিরোধেই এবার কেরোসিনের দাম বৃদ্ধি করা হয়েছে।

এর আগে শনিবার (৩১ মে) সন্ধ্যায় নতুন এ মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language