শিক্ষা

আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

ঢাকা, ৩১ মে – আট বছর পর আবারও সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে। শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ৬৪টি জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ৮৭৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে অংশ নিচ্ছেন সাড়ে পাঁচ লাখেরও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “যেহেতু সারাদেশে পরীক্ষা হচ্ছে, তাই কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।”

আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই ভর্তি পরীক্ষা হচ্ছে এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে। পরীক্ষায় থাকবে ১০০ নম্বরের প্রশ্নপত্র, সময় এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে প্রদান করা হবে, তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যুক্ত করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল এবং সিলেট বিভাগে পর্যায়ক্রমে কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকারি কলেজ ছাড়াও স্থানীয় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে ৮৮১টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ২৬৪টি এবং বেসরকারি কলেজ ৬১৭টি। ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে মোট আসন ছিল চার লাখ ৩৬ হাজার ২৮৫টি। আর ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে আসন ছিল চার লাখ ২১ হাজার ৯৯০টি, যা দেশের ১,৯৬৯টি কলেজে বিতরণ করা হয়েছে।

ভর্তিতে প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী ও পোষ্য কোটা।

দীর্ঘদিন পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি ভর্তি পরীক্ষা নতুন করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ

তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে মেধা যাচাইয়ের পাশাপাশি ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ৩১ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language