বিজ্ঞান ও প্রযুক্তি

মাসে যত খরচ হবে স্টারলিংকের দুই প্যাকেজে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্বখ্যাত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক যাত্রা শুরু করেছে। উন্নত বিশ্বের অনেক দেশেই ইতোমধ্যে চালু হওয়া এই পরিষেবা বাংলাদেশেও ফ্রিল্যান্সিং, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা খাতে বৈপ্লবিক পরিবর্তনের দ্বার উন্মোচন করবে।

মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিষয়টি নিশ্চিত করে বলেন, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার (১৯ মে) বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে এসেছে—স্টারলিংক রেসিডেন্স এবং স্টারলিংক রেসিডেন্স লাইট।

রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা।
রেসিডেন্স লাইট প্যাকেজের খরচ ৪ হাজার ২০০ টাকা।
যন্ত্রপাতি সেটআপের জন্য এককালীন খরচ পড়বে ৪৭ হাজার টাকা।

তিনি আরও জানান, এই সেবায় কোনো স্পিড বা ডাটা লিমিট নেই। একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

তিনি আরও বলেন, খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন, এনজিও ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

আইএ/ ২০ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language