দক্ষিণ এশিয়া

আবারও ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, ব্যাপক গোলাগুলি

নয়াদিল্লি, ০২ মে – কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে টানা অষ্টম দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উসকানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়।

এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর জম্মু ও কাশ্মিরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনীও এই ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে পাল্টা জবাব দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান বিনা উসকানিতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনারা পাল্টা গুলি ছোড়ে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। এর জের ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পেহেলগাম হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে। এর মধ্যে ছিল ইন্দাস পানি চুক্তি স্থগিত, অমৃতসরের আটারিতে একমাত্র সচল স্থল সীমান্ত বন্ধ করে দেওয়া এবং কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০২ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language