পশ্চিমবঙ্গ

শুধু অক্সফোর্ড নয়, আরও একটি ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানে মমতাকে বক্তৃতার আমন্ত্রণ

কলকাতা, ১৮ মার্চ – অক্সফোর্ডের পর কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকেও এল আমন্ত্রণপত্র। আগামী সপ্তাহের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৪-২৬ মার্চের মধ্যে সেখানে বাংলার মহিলা উন্নয়ন থেকে মেরুকরণ বিষবাষ্প উড়িয়ে সকলের নেত্রী, তৃণমূলের সকলের দল হয়ে ওঠার নেপথ্য কাহিনী শোনাবেন মমতা।

পরিসংখ্যান বলছে, লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ৬৫ শতাংশ পড়ুয়ায় কৃষ্ণাঙ্গ, এশীয় এবং সমাজের অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধি। লন্ডনের বহু পিছিয়ে পড়া পরিবারের সন্তানরাও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছেলেবেলা থেকেই যাদের অদম্য লড়াই করতে হয়েছে উচ্চশিক্ষার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংঘর্ষের গল্প তাঁদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই রাষ্ট্রসংঘে কন্যাশ্রী প্রকল্পের সম্মান প্রাপ্তির উল্লেখ করে আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘মহিলা কেন্দ্রিক প্রকল্প ও উদ্যোগের জন্য বাংলা আজ গোটা বিশ্বের কাছে উদাহরণ, কেস স্টাডি। বিশ্বজুড়ে যখন গণতন্ত্র ক্রমেই জমি হারাচ্ছে, মেরুকরণের রাজনীতি প্রাধান্য পাচ্ছে ঠিক তখন আপনি, আপনার দল জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভোটে আপনি নির্বাচিত হচ্ছেন। সবচেয়ে বেশি সংখ্যক মহিলা প্রতিনিধি সংসদে পাঠাচ্ছেন। কীভাবে এই অসম্ভবকে সম্ভব হচ্ছে, তা আপনার মুখ থেকেই আমাদের ছাত্রছাত্রীরা শুনতে চায়। যাতে ভবিষ্যতে এই সমস্ত প্রকল্প, উদ্যোগ দেশজুড়ে বাস্তবায়ন করতে পারে।’ তবে সাতদিনের ব্যস্ত সফরে এই আমন্ত্রণ গ্রহণ করে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে মমতা বক্তব্য় রাখবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: সংবাদ প্রতিদিন
আইএ/ ১৮ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language