বলিউড

সারা শরীরে ভালোবাসার মানুষের নাম লিখলেন রাখি!

মুম্বাই, ২৬ জানুয়ারি – বেশ কিছুদিন ধরে পর্দায় দেখা না গেলেও খবর ঠিক দেখা মেলে। কারণ, কিছু না কিছু করে ঠিকেই লাইমলাইটে চলে আসেন বলিউডের বিতর্কিত রানি রাখি সাওয়ান্ত! বিগ বস ১৪-র ঘরেও তেমনটাই করেছেন। কখনও শুরু করছেন তার দেউলিয়া হয়ে যাওয়ার কাহিনি, কখনও বা গোপনে বিয়ের গল্প।

এখনও পরিচয় প্রকাশ্যে না আসা বরকে নিয়েও তার গল্পের শেষ নেই। বিগ বসের ঘরে তার সহ-প্রতিযোগী অভিনব শুক্লার প্রতি তার প্রেমে গদগদ মনোভাবও লুকিয়ে নেই! তবে এবার তিনি যা করলেন, তাতে সত্যিই চোখ কপালে উঠার মতো!

আরও পড়ুন : মিডিয়াতে যে কথা বলতে চান না বুবলি

বিগ বসের ঘরেও নিজের ঝলক দেখাতে ছাড়লেন না রাখি সাওয়ান্ত। গত সপ্তাহে প্রতিযোগীদের জন্য টাস্ক ছিল, নিজের দুর্বলতাকে জলাঞ্জলি দিতে। সেই সময়ই ইমোশনাল হয়ে পড়লেন রাখি, নাট্যলীলা অব্যাহত রেখে বললেন, তিনি নাকি তার সহ-প্রতিযোগী রুবিনা দিলাওয়াতের স্বামী অভিনব শুক্লার মধ্যেই তার স্বামী রীতেশকে খুঁজে পেয়েছেন।

এরপরই বিগ বসের ঘর সরগরম হয়ে ওঠে রাখি-অভিনবের প্রেমের গুঞ্জনে। সেই জল্পনার আগুনে আরও ঘি ঢেলে দিতে নিজের শরীরজুড়ে লিপস্টিক দিয়ে লিখে ফেললেন অভিনবের নাম। শরীরে বিভিন্ন জায়গায় দেখা গেল ‘আই লাভ ইউ, অভিনব’ লেখা।
স্বাভাবিকভাবেই রাখীর এই কাণ্ডে ভীষণ রেগেছেন অভিনবের স্ত্রী রুবিনা। রাখির এমন কাণ্ডকে ‘সস্তার বিনোদন’ আখ্যা দিয়েছেন তিনি। বিরক্তি প্রকাশ করেছেন অভিনবও।

সূত্র : আমাদের সময়
এন এ/ ২৬ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language