মানিকগঞ্জ
মানিকগঞ্জে ফসলের মাঠে যুবলীগ নেতার লাশ

মানিকগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – মানিকগঞ্জের হরিরামপুরের ফসলের মাঠ থেকে যুবলীগ নেতা আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান।
আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ‘আজ সকালে স্থানীয়রা খবর দিলে বাল্লা ইউনিয়নের একটি ফসলি জমির সীমানার পাশে ডাঙার পার থেকে আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারবো। এ ঘটনায় পুলিশ কাজ করছে।’
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৫









