ঢাকা আরিচা মহাসড়কে বাস খালে পড়ে একজনের মৃত্যু, আহত ২৫

মানিকগঞ্জ, ১৯ জুলাই – ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় বাসের অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে বাসটি পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সেতুর মাঝখানের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এস এম/ ১৯ জুলাই ২০২৬









