ঝড়ের কারণে ৫০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ, ২৭ মে – মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর বুধবার সকাল ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযানগুলো পুনরায় চলাচল শুরু করে।
জানা গেছে,
বুধবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। বৈরী আবহাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের জটলা তৈরি হয় এবং যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন।
আবহাওয়ার উন্নতি হলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ পুনরায় ফেরি চলাচলের অনুমতি প্রদান করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এখন নিয়মিতভাবে ফেরি চলাচল করছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মোট ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলো পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এস এম/ ২৭ মে ২০২৬









