আদানি বিদ্যুৎ নিয়ে খেলা করছে, দ্রুত সংকট কাটবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ, ৩১ আগস্ট – ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ নিয়ে সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ নিয়ে এক ধরনের টালবাহানা করছে। একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট করে দেওয়া হচ্ছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত সরকার দেশে কোনো নতুন গ্যাস কূপ খনন করেনি এবং মজুত গ্যাসের মাধ্যমেই কার্যক্রম চালিয়েছে।
বর্তমান সরকার দ্রুততম সময়ে নতুন গ্যাস কূপ খননের কাজ শুরু করেছে। বিদ্যুৎ সংকট নিরসনে উচ্চমূল্যে এলপিজি সংগ্রহ করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ থাকা ৯ থেকে ১০টি বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করা সম্ভব হবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।
এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য ২০টি করে এবং ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যা সংরক্ষিত থাকবে। এ ছাড়া প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস ডাক্তার ও নার্সসহ আধুনিক যন্ত্রপাতি সংবলিত হেলথ সেন্টার গড়ে তোলা হবে। তিনি আরও জানান, দেশে প্রতি ১১ হাজার মানুষের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছেন। জুলাইয়ের বিপ্লবের চেতনা নিয়ে একটি উন্নত দেশ গড়তে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬









