মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু

জেরুজালেম, ১৩ জানুয়ারি – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় গত পাঁচ দিনে ৭০ শিশু নিহত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) ভূখণ্ডটির সিভিল ডিফেন্স সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়েছে, গত পাঁচ দিনে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৭০ জন শিশু নিহত হয়েছে বলে ভূখণ্ডটির সিভিল ডিফেন্স সার্ভিস রোববার জানিয়েছে।

সংস্থাটি নিহত শিশুদের বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি।শুধুমাত্র বলেছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডজুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারিয়েছে তারা।

মূলত ১৬ মাসে গড়ানো এই যুদ্ধে গাজার ফিলিস্তিনি শিশুরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গত ৮ জানুয়ারি বলেন, ‘নতুন বছর গাজার শিশুদের জন্য আরও বেশি মৃত্যু ও দুর্ভোগ নিয়ে এসেছে। ‘

এদিকে, ইসরাইলি হামলায় গাজায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে রোববার জনিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যদিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ইসরাইলের ১২০০ মানুষ নিহত হন আর ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে। ইসরাইলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ৯ হাজার ছাড়িয়ে গেছে।

এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আর অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৩ জানুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language