দেশে হামে আড়াইশ শিশুর প্রাণহানি, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে

ঢাকা, ২৫ এপ্রিল – দেশে গত দেড় মাসে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। মৃত শিশুদের মধ্যে ৪২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং ২০৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে দেশে ৪ হাজার ৪৬০ জন শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে আরও ৩০ হাজার ৬০৭ শিশু।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। এই বিভাগে হাম এবং হামের উপসর্গ নিয়ে ১২৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই এক দিনে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ জনে।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









