দুর্গাপুরে শিক্ষক লাঞ্ছনা: অধ্যক্ষ ও শিক্ষিকার অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী, ২৫ এপ্রিল – রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে এক নারী শিক্ষককে মারধর ও হাতাহাতির ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং শিক্ষিকা আলেয়া খাতুন হীরার অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন যে, বৃহস্পতিবার কলেজে সংঘটিত ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যা তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে।
তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি আব্দুস সামাদ সংবাদ সম্মেলনে বলেন, তারা কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জবাবদিহি চাইতে গিয়েছিলেন। তবে সেখানে তাদের ওপর উল্টো হামলা চালানো হয় এবং চাঁদাবাজ হিসেবে অপপ্রচার করা হচ্ছে। তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষিকার অপসারণ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বহিষ্কৃত বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং ভিডিও ফুটেজেও তার প্রমাণ নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষিকা আলেয়া খাতুন হীরা এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক পাল্টাপাল্টি অভিযোগে বলেন, স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে কলেজে এসে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় এই হামলার ঘটনা ঘটেছে।
দুর্গাপুর থানার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









