মৌলভীবাজার

যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা-চাচির মৃত্যু

মৌলভীবাজার, ০৯ ডিসেম্বর – মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন লেগে মা ও চাচি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোস্তফাপুর গ্রামে বসতবাড়ির ডুপ্লেক্স ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ হয়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মা মেহেরুন্নেসা ও চাচি ফুলেছা বেগম নিজ বাড়িতেই শ্বাসরোধ হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেখ রুমেল আহমদের মামা শেখ জহির আহমদ বলেন, ‘আমি ফজরের আজানের পর আগুন লাগার কথা শুনেছি। কীভাবে আগুন লাগছে, জানি না। শুনছি, শর্ট সার্কিট থেকে আগুন লাগছে।’

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, রাতে আগুন লাগার পর বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ ডিসেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language