শিক্ষা

শেখ হাসিনার জন্মদিনে জাবি শিক্ষার্থীদের ‘জুতা নিক্ষেপ’ কর্মসূচি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর – শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার ছবিতে গণ জুতা নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একদল শিক্ষার্থী।আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় জাবি শহীদ মিনার প্রাঙ্গনে শেখ হাসিনার ছবি সম্বলিত কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপের এই প্রতিযোগিতার আয়োজন করে জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ।

এসময় শিক্ষার্থীরা ‘মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না’, ‘ইতিহাসের নোংরা দিন, খুনী হাসিনার জন্মদিন’, ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, খুনী হাসিনার বিচার চাই’, ‘এক দুই তিন চার, শেখ হাসিনারে জুতা মার’ এমন নানা স্লোগান দেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনার প্রাঙ্গনে একটি ল্যাম্পপোস্টে শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ব্যানার টানানো হয়। এসময় একদল শিক্ষার্থী সেখানে জুতা মারার প্রতিযোগিতায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও সেখানে অংশ নেন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি জুতা একসঙ্গে নিক্ষেপ করার সুযোগ পান। কেউ যদি টানা ২ বার শেখ হাসিনার ছবি সম্বলিত কুশপত্তলিকায় জুতা লাগাতে পারেন তাহলে তাকে পুরস্কার স্বরূপ একটি কোমল পানীয় ‘মোজো’ দেওয়া হয়।

প্রতিযোগিতার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, ‘স্বৈরাচারী হাসিনা সরকার দেশের মানুষের ওপর কত যে নিপীড়ণ চালিয়েছে তার হিসেব নেই। এখন সে ভারতে পালিয়ে গেলেও আমরা সেই ক্ষতচিহ্ন বুকে বয়ে বেড়াচ্ছি। সেজন্য আমরা আজকে তার জন্মদিনে তার ছবিতে গণ জুতা মারা প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা চাই এই দিনটি ইতিহাসের অংশ হয়ে থাকুক। মানুষ জানুক স্বৈরাচারী শেখ হাসিনা দেশের জন্য কতটা ক্ষতিকর ছিল।’

জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের মুখপাত্র ইমরান শাহরিয়ার বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার স্মরণে আজকের কর্মসূচি মূলত একটা প্রতিবাদী কর্মসূচি। স্বৈরাচারী খুনি হাসিনার জন্মদিনে তার প্রতিকী ছবিতে জুতা মারা কর্মসূচির মাধ্যমে আমাদের জেনারেশন-জেড বা জেনজি স্পষ্ট বার্তা দিচ্ছে যে, ভবিষ্যতে যদি আর কোনো শাসক ফ্যাসিবাদী আচরণ করে, তাদের পরিণতিও শেখ হাসিনার মত হবে। ’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language