আগামী বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে

ঢাকা, ৭ জুলাই – প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর এই ফল প্রকাশের সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ওইদিন সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন বিভাগের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এবার সর্বমোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। যার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।
মেধার ভিত্তিতে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাবেন।
পাশাপাশি উভয় শ্রেণির শিক্ষার্থীরা বছরে এককালীন আরও ২২৫ টাকা করে আর্থিক সহায়তা লাভ করবেন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালীন পরবর্তী দুই বছর তারা এই সুবিধা পাবেন। আইপিইএমআইএস পোর্টাল এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
এস এম/ ৭ জুলাই ২০২৬









