রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল নির্বাচন কমিশন

ঢাকা, ৭ জুলাই – ২০২৫ পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের তথ্য চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই হিসাব প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত তারিখ ৩১ জুলাই শুক্রবার হওয়ায় দলগুলো পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ পাবে।
বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের তথ্য প্রদান করতে হয়।
ইসি সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দলগুলোকে আইনের বাধ্যবাধকতার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলকেই এই আর্থিক হিসাব জমা দিতে হবে।
এস এম/ ৭ জুলাই ২০২৬









