ক্রিকেট

নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার জেসি

ঢাকা, ০৬ জুলাই – আসন্ন নারী এশিয়া কাপ ২০২৪-এ প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে জেসি নিজেই এই তথ্য জানান।

জেসি ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো। আমার নতুন মিশন উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা)। আমি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় মহিলা এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে।’

টুর্নামেন্টে যাতে সফলভাবে দায়িত্ব পালন করতে পারেন এজন্য দেশবাসীর কাছে প্রার্থনাও চেয়েছেন জেসি।

উল্লেখ্য, গত মার্চে বিসিবির এক সভায় দুই নারী আম্পায়ারকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জেসি ছাড়া নিয়োগপ্রাপ্ত অন্যজন হলেন মিশু চৌধুরী।

শ্রীলংকায় আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই লড়বে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হবে ২৮ জুলাই। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ খেলছে মোট ৮টি দল।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৬ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language