ক্রিকেট

১৪০ রানে থামলো বাংলাদেশ

ওয়াশিংটন, ২১ জুন – শুরুতে রান তোলার গতি দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং একটি পুঁজি গড়তে পারবে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে আচমকা ব্যাটিং ধসে সেটি আর পারলো না নাজমুল হোসেন শান্তর দল। তাওহিদ হৃদয় আর শান্তর ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৪০ রান তুলতে পারে বাংলাদেশ।

অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় রানের কার্ড চালু হওয়ার আগেই সাজঘরে ফেরত যান তানজিদ তামিম (৩ বলে ০)। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেভিভারি তার ব্যাটে লেগে স্টাম্প ভেঙে যায়।

এরপর ম্যাচের দায়িত্ব নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে ব্যাট করতে থাকেন তারা। সুযোগ নিতে থাকেন দুই-একটি করে বাউন্ডারি। জুটি করে ফেলেন ৪৮ বলে ৫৮ রানের।

অনেকদিন থেকেই রান নেই লিটনের ব্যাটে। কিন্তু আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে পিচে সেট হয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। আশা করা হচ্ছিল অসিদের বিপক্ষে বড় একটি ইনিংস খেলতে পারবেন তিনি। শেষ পর্যন্ত সে আশায় গুঁড়েবালি হলো। লিটন আউট হয়ে গেলে জুটিটি ভেঙে যায়।

নবম ওভারে অ্যাডাম জাম্পা বোলিংয়ে এলে ব্যাটের সামনে বল পেয়ে বাউন্ডারি হাঁকাতে যান লিটন। এতেই ঘটে বিপত্তি। বল ব্যাটে না লেগে ভেঙে দেয় স্টাম্প। ২৫ বলে ১৬ রান করে ফেরত যান লিটন।

এরপর কিছু রানের আশায় রিশাদ হোসেনকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নামানো হয়। তাতে কোনো লাভই হলো না বাংলাদেশের। গ্লেন ম্যাক্সওয়েলকে ডাউন দ্য উইকেটে মারতে এসে ব্যাটেন কানায় লেগে শট থার্ড অঞ্চলে জাম্পার হাতে ক্যাচ হন তিনি। ৪ বল খেলে মাত্র ২ রান করেন রিশাদ।

ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন শান্ত। কিন্তু অ্যাডাম জাম্পাকে সুইপ করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হন তিনি। ৫ বাউন্ডারি ১ ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

দলের ভালো অবস্থানের সময় ব্যাটিংয়ে নেমেও আজ তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান। মার্কাস স্টয়নিজের বিপক্ষে বাজে একটি শট খেলে তার হাতেই ক্যাচ হন সাকিব (১০ বলে ৮)।

১৮তম ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সকে পুল করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন মাহমুদউল্লাহ (৩ বলে ২)। পরের বলেই শেখ মেহেদীকে থার্ড ম্যান অঞ্চলে জাম্পার ক্যাচ বানান কামিন্স। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামা মেহেদী ফেরত যান ১ বলে ০ রানে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language