ইতালিয়ান আইকন ভেসপার ৮০ বছর পূর্ণ: রোমে হাজারো ভক্তের মহোৎসব

রোম, ২৯ জুন – বিশ্বজুড়ে স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ইতালিয়ান স্কুটার ভেসপা সম্প্রতি তার ৮০তম জন্মদিন উদযাপন করেছে। এই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে ইতালির রাজধানী রোম চার দিনের এক বর্ণাঢ্য উৎসবে মুখরিত হয়ে ওঠে।
১৯৪৬ সালে প্রথমবারের মতো রাস্তায় নামা এই স্কুটারটি ১৯৫৩ সালের কালজয়ী চলচ্চিত্র রোমান হলিডে এর মাধ্যমে বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা লাভ করে। অড্রে হেপবার্ন এবং গ্রেগরি পেকের সেই আইকনিক দৃশ্যের পর থেকেই ভেসপা হয়ে ওঠে রোমান্টিকতার এক অবিচ্ছেদ্য প্রতীক।
ভেসপা নির্মাতা প্রতিষ্ঠান পিয়াজিও এবং ভেসপা ওয়ার্ল্ড ক্লাবের আয়োজনে এই উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গ্র্যান্ড র্যালি যেখানে কলোসিয়াম এবং রোমান ফোরামের আশেপাশের রাস্তায় প্রায় ১০ হাজারেরও বেশি ভেসপা নিয়ে ভক্তরা অংশ নেন।
আধুনিক ও বিলাসবহুল যানবাহনের ভিড়েও সেদিন রোমের অলিগলিতে রাজত্ব করেছে ভেসপার চিরচেনা শব্দ। রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। এরপর স্টেডিয়াম অফ দ্য মার্বেলসে শুরু হয় মূল আয়োজন।
সেখানে সীমিত সংস্করণের ৮০ ইয়ার্স অফ অ্যান আইকন হেলমেটসহ ভেসপা থিমযুক্ত বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। এছাড়া ভেসপার বিবর্তনের ইতিহাস ও বিভিন্ন রোমাঞ্চকর ভ্রমণের মুহূর্তও প্রদর্শনীতে স্থান পায়। ইউরোপ, আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে আসা ভক্তরা নিজেদের ভেসপা ভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করেন।
অনেকেই ব্যক্তিগত গাড়ির বদলে এখন সহজ ও সাশ্রয়ী যান হিসেবে ভেসপাকে বেছে নিচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিকূল পরিস্থিতিতে পিয়াজিও কোম্পানি স্কুটার নির্মাণ শুরু করলেও আজ তা বিশ্বজুড়ে সাফল্যের প্রতীক। বর্তমানে ১১০টিরও বেশি দেশে ভেসপা বিক্রি হচ্ছে এবং পিয়াজিওর তথ্যমতে গত আট দশকে ২ কোটিরও বেশি স্কুটার বাজারে ছেড়েছে তারা।
এস এম/ ২৯ জুন ২০২৬









