ক্রিকেট

কী করলে সব ঠিক হয়ে যাবে জানালেন তাসকিন

ঢাকা, ০৫ জুন – পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে। যদিও বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়নি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজর হারের পর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে উড়ে গেছে। তবে পেসার তাসকিন আহমেদ মনে করেন, মূল আসরে ব্যাটাররা মোটামুটি রান এনে দিলেই ভালো কিছু করা সম্ভব।

গতকাল মঙ্গলবার ডালাসে সাংবাদিকদের সঙ্গে তাসকিন কথা বলেছেন। যেখানে প্রশ্ন এসেছে, বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যেতে পারে? জবাবে তিনি বলেন ‘আসলে বলা কঠিন। প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো–মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি, কীভাবে খেলতে হবে। আশা করি, এগুলো সামনের ম্যাচগুলোয় সাহায্য করবে। যদি আমরা মোটামুটি রান করতে পারি, আমাদের পক্ষে ভালো কিছু সম্ভব। উইকেট একটু লো স্কোরিং।’

আসরের উইকেট নিয়ে তাসকিন বলেন, ‘নিউইয়র্কের উইকেট একটু লো স্কোরিং। ডালাসের উইকেট ভিন্ন হতে পারে। কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে খেলতে হবে। লো স্কোরিং হোক কিংবা হাই স্কোরিং, পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ওই দিন ভালো কিছু হবে।’

বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া তাসকিন বলেন, ‘দিন শেষে মাঠে বাস্তবায়ন করাই হচ্ছে আসল বিষয়। ধরেন আপনি একটা পরিকল্পনা দিলেন, আমি বাস্তবায়ন করতে পারলাম না, তাতে বিষয়টি ব্যর্থ হয়ে গেল। অধিনায়ক-সহ-অধিনায়ক, কোচ, যে–ই থাকুক, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই (সেই) সিদ্ধান্ত ভালো হয়। আশা করি ভালো কিছুই হবে। দোয়া করবেন যেন প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারি।’

প্রস্তুতি ভালো না হলেও মূল আসরে ফিরে আসবে বাংলাদেশ, এমনটি জানিয়ে তাসকিন বলেন, ‘একটা জয়ই সব বদলে দিতে পারে, ‘শুধু আমরা নই, সব দলই আবহাওয়ার কারণে বেশি অনুশীলনের সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল, সুযোগ-সুবিধা তুলনামূলক কম, যেহেতু যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট হচ্ছে। এটা ঠিক, হেরে মানসিকভাবে একটু ডাউন ছিলাম। তবে আমরা যদি জিততে পারি, সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের উন্নতি করতে কাজ করে যাচ্ছি। জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৫ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language