সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নসিমন, স্বামী-স্ত্রী নিহত

নাটোর, ১১ জানুয়ারি – নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টো স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)।
স্থানীয়রা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান। সকালে ওই নসিমনে শুধু ওই দুই যাত্রীই ছিলেন বলে জানান তারা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ জানুয়ারি ২০২৪









