নাটোরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার চেষ্টা, এক ব্যক্তিকে অর্থদণ্ড

নাটোর, ১১ মে – নাটোরের লালপুরে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে কাজল হোসেন নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অমৃতপাড়া গ্রামের রেবেকা বেগমের বাড়িতে গিয়ে সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দেন অভিযুক্ত কাজল। বিনিময়ে তিনি ওই নারীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন।
এতে রেবেকা বেগমের সন্দেহ হলে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। গ্রামবাসী এসে কাজল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।
সেখানে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে প্রতারণার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এস এম/ ১১ মে ২০২৬









