নাটোর

নাটোরে জ্বালানি তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, পাম্প কর্মীদের হামলায় আহত ২

নাটোর, ১৮ এপ্রিল – নাটোরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধ চলাকালে পাম্প কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডার জেরে স্থানীয়দের সহায়তায় পাম্পকর্মীরা গ্রাহকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত দুইজন গ্রাহক আহত হয়েছেন।

শনিবার বিকেলে নাটোর শহরের হরিশপুর এলাকায় অবস্থিত মেসার্স রহিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ফুয়েল কার্ড যাচাইয়ের মাধ্যমে পাম্পটিতে তেল সরবরাহ করা হচ্ছিল। শত শত মোটরসাইকেল চালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল পাঁচটায় তেল সরবরাহের নির্ধারিত সময় শেষ হওয়ার কথা থাকলেও তখনো অনেক গ্রাহক লাইনে ছিলেন।

পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিলে উপস্থিত গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রাহকরা পাম্পের সামনের মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রাহকদের তেল পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন। তবে অবরোধ প্রত্যাহারের পর পুলিশের উপস্থিতিতেই পাম্প কর্তৃপক্ষ পুনরায় তেল দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে গ্রাহকদের সাথে কর্মীদের পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পাম্প কর্মীরা স্থানীয় কিছু লোকজনকে সাথে নিয়ে গ্রাহকদের ওপর হামলা চালায়। এতে ধস্তাধস্তি ও মারপিটে দুইজন গ্রাহক আহত হন।

রহিম ফিলিং স্টেশনের পরিচালক সাকিব জানান, কার্ড ছাড়াই অনেকে তেল নিতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। নির্ধারিত সময় পার হওয়ার পরও কিছু গ্রাহক জোর করে তেল নিতে চান এবং সড়ক অবরোধ করেন। তিনি দাবি করেন, পাম্প কর্তৃপক্ষের কেউ হামলার সাথে জড়িত নয়।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের পর তেল নেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language