ঢাকা

খিলক্ষেতে বেপরোয়া গাড়ির ধাক্কা, প্রাণ গেল শিশুসহ তিনজনের

ঢাকা, ২৮ ডিসেম্বর – রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে বিমানবন্দর সড়ক হয়ে আসা একটি বেপরোয়া ল্যান্ড ক্রুজার গাড়ির ধাক্কায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় সুমন মিয়া নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এতে ইয়াসিন নামের আট বছরের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় আমরিনা হক (২৭) নামে এক নারী ও উজ্জ্বল পান্ড (২৬) নামের আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার।

এ বিষয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এস আই) মোশারফ বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া ল্যান্ড ক্রুজার গাড়ি ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে পড়ে। ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিন মারা যায়।

এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক মারা যান।

এসআই মোশারফ আরও বলেন, এ ঘটনায় গাড়িটির ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language