নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু আটক

নারায়ণগঞ্জ, ০৮ নভেম্বর – বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন মিছিল বের করার সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

তবে মিছিলের জন্য আসা নেতাকর্মীরা পালিয়ে যাওয়ায় আর কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানায় পুলিশ।

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে শহরে অবরোধের সমর্থনে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল করা হয়।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় টিপুর বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language