পশ্চিমবঙ্গ

বিশ্বভারতীর কাছ থেকে রাস্তা ফেরত নিল রাজ্য সরকার

কলকাতা, ২৮ ডিসেম্বর- বিশ্বভারতীর কাছ থেকে রাস্তা ফেরত নিল রাজ্য সরকার। শ্রীনিকেতন-শান্তিনিকেতন সংযোগকারী রাস্তা ফিরিয়ে নিল পূর্ত দফতর। আশ্রমিকদের কাছ থেকে এই বিষয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে।

এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিশ্বভারতীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে জানা গিয়েছে, শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন যাওয়ার রাস্তা বিশ্বভারতী বন্ধ করে দেয়। এমনই অভিযোগ করে কয়েকজন আশ্রমিক রাজ্য সরকারকে চিঠি লেখেন। বলা হয়, সন্ধ্যা হয়ে গেলেই ওই রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না। আর এই চিঠি পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিঠি দিয়ে বিশ্বভারতীকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামিদিনে আশ্রমিকদের এই সমস্যা মিটে যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। জানা যায়, বছরখানেক আগে বিশ্বভারতীর দুই ক্যাম্পাসের মাঝখানে কালিসায়র থেকে উপাসনা মন্দির পর্যন্ত রাস্তা পিডব্লুডি-র থেকে নিয়েছিল বিশ্বভারতী।

পরবর্তীকালে আশ্রমিকরা অভিযোগ করতে থাকেন, ওই রাস্তা বিশ্বভারতী বন্ধ করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন সভাতেই এক আশ্রমিকের লেখা চিঠি পড়েন।

সেখানে অভিযোগ করা হয়েছে, বিশ্বভারতী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এই রাস্তায় ছবি তোলা যাবে না বলেও নির্দেশ দেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই চিঠির প্রথমাংশ পড়ার পরই তিনি ঘোষণা করে দেন, আজই সেই রাস্তা ফিরিয়ে নিয়ে আবার পূর্ত দফতরকেই দেওয়া হবে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেন যে, বিশ্বভারতীর কোথায় কোথায় পাঁচিল দেওয়া হয়েছে, তা সার্ভে করতে হবে। অন্যদিকে, ৬০ নম্বর জাতীয় সড়কের কাজ না হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই তিনি বলেন, ‘জাতীয় সড়কের কাজ না হলে ঘেরাও করুন। কেন কাজ করছে না কেন্দ্র, পোস্টার লাগান। কেন কাজ হচ্ছে না? মিটিং-মিছিল করুন, ঘেরাও করুন। কেন্দ্র না পারলে রাজ্যকে ফেরত দিতে বলুন।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন যে, রাজনৈতিকভাবে আমাকে টার্গেট করা হচ্ছে। অমর্ত্য সেনকেও টার্গেট করা হচ্ছে। কৃষি আইনের প্রতিবাদকে আমরা সমর্থন করেছি। বাংলার মেরুদন্ডকে ভাঙার চেষ্টা করলে সহ্য নয়।’

তবে সাম্প্রতিক কালে একাধিক বিষয়ে বিশ্বভারতীর সঙ্গ সংঘাতের রাস্তায় রাজ্য। গত কয়েকদিন আগে বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে বিতর্কের পারদ চড়ে।

বিজেপি-র অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে নিয়েও রাজনীতি করছেন মমতা। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। রাজ্যের মন্ত্রী অভিযোগ করে বলেন, বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাননি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

যদিও পরে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানানো হয়েছিল বলে প্রমাণ দেয় বিশ্বভারতী। যা নিয়ে চরমে সংঘাত। আর তাতে নয়া মাত্রা যোগ করল এই রাস্তা।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/২৮ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language