নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ, ০৮ অক্টোবর – নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের দেড় বছর বয়সী সন্তান কাব্য।

জানা গেছে, দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা জানান, রাতে খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ ৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মাধ্যমে জানতে পেরেছেন, ওই বাসায় তারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন। রাত ৩টার দিকে রিংকু বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান। এরপর দিয়াশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে তারা ৩ জন দগ্ধ হন। তার ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তার স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৮ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language