ব্রাহ্মণবাড়িয়ার সব উপজেলা-পৌর কমিটি বিলুপ্ত করেছে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ ডিসেম্বর- ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা এবং ৫টি পৌর এলাকার সব সাংগঠনিক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। শুক্রবার (২৫ ডিসেম্বর) জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির অধীনে সকল উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হল। শিগগিরই উপজেলা ও পৌর বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে বিলুপ্ত কমিটির কার্যক্রম পরিচালনার জন্য নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে।
আরও পড়ুন : করোনায় বিশ্বব্যাপি মৃত্যু ১৭ লাখ ৪১ হাজার, আক্রান্ত প্রায় ৮ কোটি
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, সকল সাংগঠনিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব দ্রুত সকল ইউনিটের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে নাসিরনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, নিয়ম অনুযায়ী কোনো কমিটি বিলুপ্ত ঘোষণার সাথে সাথে নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কিন্তু এ ক্ষেত্রে এ নিয়ম মানা হয়নি। তবে কেন মানা হয়নি সেটি আমি জানি না। তবে শুনেছি জেলা বিএনপি’র আহ্বায়ক প্রতিটি উপজেলায় সাংগঠনিক সফর করার মাধ্যমে আহবায়ক কমিটি ঘোষণা করবেন।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৫ ডিসেম্বর









